রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? - KHULNAR DIARY

রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি?

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২৬

ডেস্ক রিপোর্ট :
বছর ঘুরে আবার ঘনিয়ে আসছে পবিত্র রমজান মাস। ২০২৭ সালের রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রোজা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে, আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আর বাকি থাকবে মাত্র চারটি চান্দ্র মাস।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

রোজার মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্সেসের সদস্য ইবরাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।
আল জারওয়ান বলেন, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১২ অক্টোবর সোমবার ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হতে পারে।